Travel Guide26 October 2026
কক্সবাজার ট্রিপ যেভাবে সাজাবেন: ভ্রমণের উপযুক্ত সময়, সেরা হোটেল ও রেস্টুরেন্ট
S
Soma Sarkar

কক্সবাজার নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের সবচেয়ে পরিচিত পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম এটি — যার নীল জলরাশি, দীর্ঘ সমুদ্র-সৈকত আর মেরিন ড্রাইভের মন ভালো করা দৃশ্যের টানে প্রতি বছরই এখানে ঘুরতে আসেন অসংখ্য মানুষ। কেউ আসেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ ব্যস্ততা থেকে একটু বিরতি নিতে।
তবে কক্সবাজার ভ্রমণটা আরও উপভোগ্য করে তুলতে কোথায় থাকবেন, কোন জায়গাগুলো ঘুরবেন আর কোথায় ভালো খাবার পাবেন, তা আগে থেকে জেনে রাখা ভালো। এতে অল্প সময়ের ভ্রমণেও নিজের পছন্দমতো পরিকল্পনা করা সহজ হয়।
চলুন জেনে নেয়া যাক তাহলে —
কক্সবাজারে কোথায় কোথায় ঘুরবেন?
১. লাবণী বীচ
কক্সবাজারের পরিচিত সৈকতগুলোর মধ্যে লাবণী বীচ অন্যতম। শহরের কাছাকাছি হওয়ায় এখানে যাওয়া যেমন সহজ, তেমনি সমুদ্রের ধারে হাঁটা, ঢেউ দেখা, ছবি তোলা কিংবা বিকেলে কিছুক্ষণ বসে থাকার জন্য লাবনী বীচ অন্যতম।
এখানে সৈকতের আশপাশে দোকানপাট ও পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে। তবে ছুটির দিন ও সন্ধ্যায় ভিড় বেশি আশা করতে পারেন।
কখন যাবেন: সকালে তুলনামূলক শান্ত পরিবেশে হাঁটার জন্য, অথবা বিকেলে সূর্যাস্তের সময়।
২. সুগন্ধা বীচ
লাবণী বীচের কাছাকাছি সুগন্ধা বীচও পর্যটকদের কাছে জনপ্রিয়। সৈকতের পাশাপাশি খাবারের দোকান, কেনাকাটা ও আশপাশের ব্যস্ত পরিবেশ উপভোগ করতে চাইলে এই এলাকা ঘুরে দেখতে পারেন।
কখন যাবেন: বিকেল থেকে সন্ধ্যা। তবে ভিড় এড়াতে চাইলে দিনের একটু আগেই যেতে পারেন।
টিপস: সুগন্ধা ও লাবণী বীচ একই দিনে ঘোরা যায়। শহরের কাছাকাছি হোটেলে থাকলে দুটো জায়গায় যাওয়ার জন্য আলাদা করে দীর্ঘ যাত্রার পরিকল্পনা করতে হবে না।
৩. হিমছড়ি
শহরের সৈকতের বাইরে একটু ভিন্ন দৃশ্য দেখতে চাইলে হিমছড়ি যেতে পারেন। এটি কক্সবাজার শহরের পর্যটন এলাকা থেকে আনুমানিক ১০ –১২ কিলোমিটার দক্ষিণে।
হিমছড়িতে পাহাড়ি পরিবেশ, সবুজ আর সমুদ্রের দৃশ্য একসঙ্গে উপভোগ করা যায়। পাহাড়ের ভিউপয়েন্ট থেকে উপকূলের দিকে তাকালে শহরের সৈকত থেকে আলাদা এক মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ে। এখানে একটি ঝরনাও রয়েছে, তবে ঝরনায় পানির পরিমাণ মৌসুম ও বৃষ্টির ওপর নির্ভর করে।
টিপস: হিমছড়ি ঘুরে এরপর মেরিন ড্রাইভ ধরে ইনানীর দিকে যেতে পারেন। দুটি জায়গা একই দিনের পরিকল্পনায় রাখলে যাতায়াতের সময়ও ভালোভাবে কাজে লাগাতে পারবেন।
৪. ইনানী বীচ
কক্সবাজার শহর থেকে সড়কপথে আনুমানিক ২৫ কিলোমিটার দক্ষিণে ইনানী বীচ। শহরের ব্যস্ত সৈকতের তুলনায় এখানকার পাথুরে উপকূল ও আশপাশের প্রাকৃতিক দৃশ্য নিরিবিলি প্রকৃতিপ্রেমীদের জন্য আলাদাভাবে জনপ্রিয়।
এখানে জোয়ার-ভাটার সময় অনুযায়ী পাথর ও সৈকতের চেহারা বদলে যায়। তাই শুধু ছবি তোলার জন্য নয়, উপকূলের ভিন্ন ভিন্ন রূপ দেখতে চাইলেও ইনানী একটি বেশ ভালো জায়গা।
ইনানী যাওয়ার পথে মেরিন ড্রাইভের দৃশ্য উপভোগ করতে পারেন। রাস্তায় খাবারের জন্য পেয়ে যাবেন বেশ কিছু মানসম্মত রেস্তোরাঁ।
সতর্কতা: ইনানী বীচ শহর থেকে দূরে হওয়ায় ফেরার যানবাহন ও সময় আগে ঠিক করে নেওয়া ভালো। পাথরের ওপর হাঁটার সময় সতর্ক থাকবেন। ভেজা পাথর পিচ্ছিল হতে পারে, আর সমুদ্রে নামার আগে স্থানীয় নিরাপত্তা নির্দেশনা সঠিকভাবে মেনে চলা জরুরি।
৫. মেরিন ড্রাইভ
মেরিন ড্রাইভকে শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার রাস্তা হিসেবে দেখলে এর অভিজ্ঞতার একটা বড় অংশ বাদ পড়ে যায়। তাই উপকূলের পাশ দিয়ে এই সড়কে চলার সময় সমুদ্র, পাহাড় ও সবুজের দৃশ্য উপভোগ করতে ভুলবেন না।
হিমছড়ি ও ইনানী ঘোরার পরিকল্পনা থাকলে মেরিন ড্রাইভ ধরে যাত্রা করুন। পথে কোথায় থামবেন, কতক্ষণ থাকবেন এবং কখন ফিরবেন, তা আগে ঠিক করে নিলে তাড়াহুড়ো কম হবে।
যানবাহন ভাড়া করলে যাত্রার আগে ভাড়া, অপেক্ষার সময় এবং ফেরার ব্যবস্থা পরিষ্কার করে নিন।
জেনে রাখা ভালো: লাবণী, সুগন্ধা ও কলাতলী বীচ শহরের পর্যটন এলাকার মধ্যে অবস্থিত, অন্যদিকে, হিমছড়ি ও ইনানী দেখতে হলে যেতে হবে দক্ষিণে । তাই আপনি কোথায় থাকছেন, তার ওপর নির্ভর করবে কোন জায়গায় যাওয়া কতটা সুবিধাজনক হবে।
কক্সবাজারে কোথায় থাকবেন
কক্সবাজারে হোটেল বাছাই করার সময় শুধু রুমের দাম দেখলেই হবে না। সৈকত থেকে দূরত্ব, রেস্টুরেন্টের সুবিধা, যাতায়াত এবং ভ্রমণের পরিকল্পনাও বিবেচনা করা দরকার।
প্রথমবার গেলে: সুগন্ধা ও কলাতলী
শহরের সৈকতে সময় কাটানো, বাইরে খাওয়া এবং সহজে যাতায়াত করতে চাইলে সুগন্ধা বা কলাতলী এলাকার হোটেল দেখতে পারেন। এসব এলাকার কাছাকাছি পর্যটকদের জন্য বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকান রয়েছে।
সৈকতের কাছে থাকতে চাইলে: লাবণী বীচের আশেপাশে
সকালে হাঁটতে বা সন্ধ্যায় সমুদ্রের ধারে সময় কাটাতে চাইলে লাবণী বীচের কাছাকাছি থাকার ব্যবস্থা বিবেচনা করুন। তবে হোটেলের নাম বা বিজ্ঞাপনে বীচের উল্লেখ থাকলেই যে সৈকতে সরাসরি প্রবেশ করা যাবে, এমন নয়। বুকিংয়ের আগে প্রকৃত দূরত্ব যাচাই করে নিন।
তুলনামূলক নিরিবিলি পরিবেশের জন্য: মেরিন ড্রাইভ ও ইনানী
শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে থাকতে চাইলে ইনানী বা মেরিন ড্রাইভের আশপাশে থাকার ব্যবস্থা দেখতে পারেন। বিশেষ করে ভ্রমণের বড় অংশ যদি দক্ষিণ উপকূলে কাটাতে চান, তাহলে এই অবস্থান সুবিধাজনক হতে পারে।
তবে শহরের রেস্টুরেন্ট বা অন্যান্য সুবিধা ব্যবহার করতে গাড়ির প্রয়োজন হতে পারে। তাই হোটেল পছন্দ করার সময় হোটেলের লোকেশন ও যাতায়াতের খরচ দুটোই বিবেচনা করুন।
আরো দেখুন:কক্সবাজারের সেরা ও জনপ্রিয় হোটেলগুলোর বিস্তারিত তথ্য
কিভাবে হোটেল বুক করবেন
ছুটির দিন ও দীর্ঘ সরকারি ছুটিতে আগে বুকিং করে রাখা ভালো। একই হোটেলের দাম রুমের ধরন, তারিখ ও অতিথির সংখ্যার ওপর নির্ভর করে বদলাতে পারে। তাই বুকিংয়ের আগে সব মিলিয়ে থাকার খরচ ও বাতিলের শর্ত পড়ে নিন।
কক্সবাজারে কোথায় ভালো খাবার পাবেন?
কক্সবাজারে খাওয়ার পরিকল্পনা করলে শুধু সামুদ্রিক খাবারের মধ্যেই সীমাবদ্ধ থাকার দরকার নেই। ভর্তা-ভাত, মাছের পদ কিংবা রাখাইন খাবার—ভিন্ন স্বাদের খাবারও চেখে দেখতে পারেন।
সুস্বাদু ও মানসম্মত খাবারের জন্য জনপ্রিয় রেস্টুরেন্ট গুলোর মধ্যে পৌষী রেস্টুরেন্ট (হোটেল সাইমন রোড), পালংকি (মেরিন ড্রাইভ এর কাছে), এবং কোরাল স্টেশন (পাটুয়ারটেক) অন্যতম।
খাবারের সময় কয়েকটি বিষয় মনে রাখুন: সামুদ্রিক খাবারের দাম মাছের ধরন ও ওজন অনুযায়ী বদলাতে পারে। অর্ডার দেওয়ার আগে দাম, রান্নার খরচ এবং অতিরিক্ত চার্জ আছে কি না জেনে নিন। জনপ্রিয় রেস্টুরেন্টে ছুটির দিনে অপেক্ষাও করতে হতে পারে।
কক্সবাজারে কী কী করবেন?
দর্শনীয় স্থান ঘোরার পাশাপাশি কিছু সময় নিজের মতো করে কাটানোর সুযোগ রাখুন। ভ্রমণকে প্রতি ঘণ্টায় নতুন গন্তব্যে যাওয়ার দৌড় বানানোর দরকার নেই।
- সকালে সৈকতে হাঁটুন। দিনের ভিড় শুরু হওয়ার আগে সমুদ্রের ধারে হাঁটতে পারেন। হোটেল কাছাকাছি হলে সকালে আলাদা যানবাহনেরও প্রয়োজন হবে না।
- মেরিন ড্রাইভ ধরে ঘুরুন। হিমছড়ি ও ইনানী একই দিনে দেখতে চাইলে দক্ষিণ উপকূলের জন্য পর্যাপ্ত সময় রাখুন। পথে বিরতি নিয়ে ছবি তুলুন, দৃশ্য উপভোগ করুন এবং দুপুরের খাবারের জন্য সময় রাখুন।
- স্থানীয় খাবার চেখে দেখুন। এক বেলায় দেশি ভর্তা-মাছ, অন্য বেলায় সামুদ্রিক খাবার বা রাখাইন খাবার রাখতে পারেন। এতে ভ্রমণের খাবারের অভিজ্ঞতায় বৈচিত্র্য আসবে।
- বিকেলে সৈকতে ফিরে আসুন। সূর্যাস্তের সময় সৈকতে হাঁটতে পারেন বা কিছুক্ষণ বসে থাকতে পারেন। প্রতিটি মুহূর্তে কিছু করার পরিকল্পনা না রাখলেও ভ্রমণ উপভোগ করা যায়।
সতর্কতা: সমুদ্রে নামার আগে স্থানীয় সতর্কসংকেত ও লাইফগার্ডের নির্দেশনা মেনে চলুন। আবহাওয়া খারাপ থাকলে বা সমুদ্র উত্তাল হলে পানিতে নামা এড়িয়ে চলুন।
কক্সবাজার ভ্রমণের সেরা সময়
কক্সবাজার ভ্রমণের জন্য অক্টোবর থেকে মার্চ (শীতকাল) সবচেয়ে আদর্শ সময়। এসময় আবহাওয়া থাকে চমৎকার—রোদের উত্তাপ কম, সমুদ্র শান্ত এবং চারপাশ পরিচ্ছন্ন থাকে। যদি ঝকঝকে নীল আকাশ আর সমুদ্রে তার প্রতিবিম্ব উপভোগ করতে চান, তবে শীতকালেই যাওয়া সেরা।
তবে আপনি যদি নির্জনতা পছন্দ করেন এবং একটু সাশ্রয়ী ভ্রমণ চান, তবে বর্ষাকাল (জুন থেকে সেপ্টেম্বর) বেছে নিতে পারেন। মেঘলা আকাশ আর সমুদ্রের বিশাল ঢেউয়ের রূপ উপভোগ করার জন্য এটি দারুণ সময়, আর হোটেল ভাড়াতেও পাওয়া যায় বিশাল ছাড়!
আরো পড়ুন: Monsoon Travel in Bangladesh: Essential Guide for a Safe and Enjoyable Trip
২-৩ দিনের কক্সবাজার ভ্রমণ পরিকল্পনা
প্রথম দিন: শহরের সৈকত
হোটেলে চেক-ইন করে বিশ্রাম নিন। বিকেলে লাবণী বা সুগন্ধা বীচে যান। সন্ধ্যায় সূর্যাস্ত উপভোগ করে কাছাকাছি কোনো রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে নিন।
দ্বিতীয় দিন: হিমছড়ি, মেরিন ড্রাইভ ও ইনানী
সকালে নাশতা করে বেরিয়ে পড়ুন। প্রথমে হিমছড়ি ঘুরে এরপর মেরিন ড্রাইভ ধরে ইনানীর দিকে যান। পথে বিরতি নিন এবং দুপুরে কোনো রেস্টুরেন্টে খেয়ে নিন।
বিকেলে ইনানী বীচে কিছুক্ষণ কাটিয়ে শহরে ফিরে আসতে পারেন। ফেরার যানবাহন ও সময় আগে ঠিক করে নিলে দিনের শেষ ভাগে তাড়াহুড়ো করতে হবে না।
তৃতীয় দিন: অবসর ও ফেরার প্রস্তুতি
সকালে সৈকতে হাঁটুন, নাশতা করুন এবং সময় থাকলে স্থানীয় পণ্য কেনাকাটা করতে পারেন । এরপর হোটেল থেকে চেক-আউট করে ফেরার প্রস্তুতি নিন।
মাত্র দুই দিনের ভ্রমণ হলে তৃতীয় দিনের পরিকল্পনা বাদ দিতে পারেন। তবে ঢাকা থেকে যাতায়াতের সময় হিসাব করে ঘোরার সূচি ঠিক করুন, যাতে গুরুত্বপূর্ণ কোনো গন্তব্যে তাড়াহুড়ো করতে না হয়।
কক্সবাজার ভ্রমণের আগে যে বিষয়গুলো মনে রাখবেন
- যাতায়াতের সময় হিসাব করুন: শহরের সৈকত আর ইনানী একই জায়গায় নয়। দক্ষিণ উপকূল ঘোরার জন্য আলাদা সময় রাখুন।
- আগে থেকে হোটেল বুক করুন: বিশেষ করে সরকারি ছুটি ও ব্যস্ত মৌসুমে। বুকিংয়ের আগে মোট দাম ও বাতিলের শর্ত পড়ুন।
- রেস্টুরেন্টে খাবারের দাম যাচাই করুন: সামুদ্রিক খাবারের দাম অর্ডার অনুযায়ী কম-বেশি হতে পারে।
- আবহাওয়া ও নিরাপত্তার খোঁজ রাখুন: সমুদ্রে নামার আগে স্থানীয় নির্দেশনা মেনে চলুন।
- অতিরিক্ত গন্তব্য যোগ করবেন না: অল্প সময়ে সবকিছু দেখার চেষ্টা করলে ভ্রমণ ক্লান্তিকর হয়ে উঠতে পারে।
আরো কিছু কথা
কক্সবাজার ভ্রমণের আনন্দ শুধু কয়েকটি দর্শনীয় স্থান দেখে ফিরে আসার মধ্যে সীমাবদ্ধ নয়। সকালে সৈকতে হাঁটা, মেরিন ড্রাইভের দৃশ্য উপভোগ করা, ইনানীর পাথুরে উপকূল দেখা কিংবা স্থানীয় খাবার চেখে দেখার মতো ছোট ছোট অভিজ্ঞতাও ভ্রমণকে মনে রাখার মতো করে তোলে।
তাই কোথায় থাকবেন, কোন জায়গাগুলো ঘুরবেন এবং কীভাবে সময় ভাগ করবেন এসব আগে থেকে ঠিক করে নিন। নিজের বাজেট ও পছন্দ অনুযায়ী পরিকল্পনা করলে দুই বা তিন দিনের কক্সবাজার ভ্রমণেও সমুদ্রের পাশে বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটানো সম্ভব।
